

অনলাইন নিউজ ডেস্ক
তামিম ইকবাল মনে করেন, নতুন সরকার দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে। একই সঙ্গে এমন সরকার পাওয়াকে তিনি সবার জন্য সৌভাগ্যের বিষয় বলেও উল্লেখ করেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তামিম বলেন, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিক—সবার জন্যই এটি আনন্দের যে সরকারের অগ্রাধিকার তালিকার প্রথম দিকেই খেলাধুলা স্থান পেয়েছে। তার বিশ্বাস, এর ফলে ক্রীড়াক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আসবে।
সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, এটি ‘লাভ অ্যান্ড হেইট’ সম্পর্ক—যেখানে প্রশংসা ও সমালোচনা দুটোই থাকতে হবে। তার মতে, সমালোচনা গ্রহণের মানসিকতা না থাকলে উন্নতি সম্ভব নয়। শুধু ভালো কথা শুনলে নিজের ভুলগুলো চিহ্নিত করা যায় না।
তিনি আরও যোগ করেন, ক্রিকেটার হিসেবে যেমন তিনি এই ভারসাম্যপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দিতেন, তেমনি এখন সংগঠক হওয়ার পথেও সেটিই বজায় রাখতে চান। ভালো খেললে প্রশংসা, খারাপ খেললে সমালোচনা—এটিই সবচেয়ে স্বাস্থ্যকর সম্পর্ক বলে মনে করেন তিনি।



