জাতীয়

আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার

অনলাইন নিউজ ডেস্ক

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। বুধবার (৩ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে আদালত আগামী বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আদালতে তাদের উপস্থিতিতে আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিকালে আদালত সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনালে সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করেন। একই সঙ্গে তিনি তার স্ত্রীরও কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন। অপরদিকে স্বপ্না আক্তারও নিজেকে নির্দোষ বলে আদালতকে জানান।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলুর আবেদনের পর আদালত যুক্তিতর্কের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন। এরপর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন বিশেষ পিপি আজিজুর রহমান দুলু। এ সময় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন।

এর আগে গত ১ জুন মামলার বাদী আবদুল হান্নান মোল্লাসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। পরদিন ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করে ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে অভিযোগপত্র আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button