জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বৃষ্টির সময় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সদর উপজেলার আতাহার এলাকার আব্দুল্লাহ (১৪), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চক নরেন্দ্র গ্রামের মাহমুদা বেগম (১৯), একই ইউনিয়নের রানীবাগি বাজারপাড়া এলাকার সাহিদা খাতুন (১৬), মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের মো. মেসবাউল (১৪) এবং নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের লাহাপাড়া গ্রামের সুমি আরা (৪০)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিবগঞ্জের তিনজনের মৃত্যু হয়।

এদিকে সদর উপজেলার আতাহার এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।

অন্যদিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের একটি মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমি আরা। এ ঘটনায় তার স্বামী আব্দুর রাকিব আহত হন বলে জানান নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ।

শিবগঞ্জ উপজেলার নিহত তিন পরিবারের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া সদর ও নাচোল উপজেলার নিহতদের পরিবারকেও একই পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button