

অনলাইন নিউজ ডেস্ক
ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠান ও নিরাপত্তা সংস্থাগুলো সম্পর্কে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি সিং বৃহস্পতিবার (৪ জুন) শিলিগুড়ি সাইবার থানায় এ অভিযোগ করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
অভিযোগে বলা হয়, সাম্প্রতিক বিভিন্ন জনসভা, রাজনৈতিক কর্মসূচি এবং গণমাধ্যমে দেওয়া বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এসব মন্তব্যের মাধ্যমে জনগণের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি অবিশ্বাস সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
রিঙ্কি সিং তাঁর আবেদনে ২ জুন রানী রাসমণি স্মরণে আয়োজিত এক রাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, ওই অনুষ্ঠানে মমতা দাবি করেছিলেন যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাঁর গোপন আলোচনা হয়েছিল। একই সঙ্গে তিনি বাংলাদেশে সংঘটিত একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে অভিযোগ তোলেন।
অভিযোগকারীর মতে, এসব বক্তব্য ভারতের কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি ভারত ও বাংলাদেশের মতো দুটি সার্বভৌম দেশের মধ্যে বিরূপ সম্পর্ক সৃষ্টি করতে পারে। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এর আগে গত বছর কলকাতায় একটি ঈদ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। সেই অভিযোগেও রিঙ্কি চ্যাটার্জি সিং আবেদনকারী ছিলেন।
এছাড়া ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়া এক বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছে।



