

অনলাইন নিউজ ডেস্ক
নেপালের মাউন্ট এভারেস্টে ছয় দিন নিখোঁজ থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন অভিজ্ঞ পর্বতারোহণ গাইড দাওয়া শেরপা। পরিবারের সদস্যরা তাকে মৃত ভেবে শেষকৃত্যের প্রস্তুতি শুরু করেছিলেন, এমন সময় খবর আসে তিনি বেঁচে আছেন এবং নিজেই হামাগুড়ি দিয়ে বেস ক্যাম্পের দিকে নামার চেষ্টা করছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পর্বতারোহীদের সংগঠন ৮কে এক্সপেডিশনের কর্মকর্তা পেম্বা শেরপা জানান, বৃহস্পতিবার (৪ জুন) একটি পরিচ্ছন্নতাকর্মী দল আইসফল এলাকার বরফাচ্ছন্ন ঢালে ৫২ বছর বয়সী দাওয়া শেরপাকে হামাগুড়ি দিয়ে নিচে নামতে দেখতে পায়। পরে তাকে নিরাপদ স্থানে নিয়ে খাবার ও পানি দেওয়া হয়। এরপর উদ্ধারকারী হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুর হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, দাওয়া শেরপাকে মৃত মনে করে তার স্ত্রী দামু শেরপা ও মেয়ে মেন্ডো লহামু শেরপা শেষকৃত্যের ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু করেছিলেন। পরে স্থানীয় সংবাদমাধ্যমে তার জীবিত থাকার খবর জানতে পারেন তারা।
দামু শেরপা বলেন, প্রথমে সংবাদমাধ্যমে খবরটি দেখেন তারা। পরে পরিচিত একজন ফোন করে নিশ্চিত করেন যে দাওয়াকে উদ্ধার করে নিচে আনা হচ্ছে।
মেন্ডো লহামু শেরপা জানান, কয়েকদিন ধরে তারা শেষকৃত্যের আচার পালন করছিলেন। প্রথমে উদ্ধার হওয়া ব্যক্তি সত্যিই তার বাবা কি না, তা নিয়ে সন্দেহ ছিল। পরে ছবি দেখে তারা নিশ্চিত হন এবং স্বস্তি ফিরে পান।
গত ২৯ মে দাওয়া শেরপাকে সর্বশেষ এভারেস্ট থেকে নামতে দেখা যায়। তার সঙ্গে থাকা এক পোলিশ পর্বতারোহী নিরাপদে বেস ক্যাম্পে ফিরলেও দাওয়া সেখানে পৌঁছাতে পারেননি। পরে অনুসন্ধান অভিযান শুরু হলেও শুরুতে তাকে খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত মাসে এভারেস্টে আরোহণ মৌসুমে এক হাজারের বেশি পর্বতারোহী ও গাইড শীর্ষে পৌঁছেছেন। তবে একই সময়ে অন্তত পাঁচজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে।



