

নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে এ কূটনৈতিক সাফল্যের অন্যতম রূপকার হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরকেও শুভেচ্ছা জানানো হয়।
নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে বিজয় অর্জনের পর আজ দেশে ফেরেন ড. খলিলুর রহমান ও হুমায়ুন কবির। তাঁদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ.বি.এম. আব্দুস সাত্তার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়া দেশের কূটনৈতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা আরও কার্যকর ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে এ সাফল্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।



