জাতীয়

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

সাংবাদিকদের স্বাধীনতা ও পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, অতীতের মতো বর্তমানেও সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, অতীতে সাংবাদিকদের সংবাদ প্রকাশে নানা ধরনের চাপ ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হলেও বর্তমান সরকার গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে। তিনি দাবি করেন, কোনো সংবাদ প্রকাশে সরকার চাপ প্রয়োগ করেছে—এমন অভিযোগ কেউ করতে পারবে না। প্রধানমন্ত্রীও গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে হবে, তবে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করাও জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের ফলে ভুয়া ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের আবাসন সুবিধা সংরক্ষণ, বকেয়া বেতন পরিশোধ এবং গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমের মালিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানান।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতপ্রকাশের স্বাধীনতা ও যৌক্তিক সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমালোচনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সীমাবদ্ধতা চিহ্নিত করা এবং উন্নয়নের পথ খুঁজে পাওয়া সম্ভব।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালেহ নোমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সাংবাদিক নেতা ওসমান গনি মনসুর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল কবির এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

অনুষ্ঠানে সাংবাদিকরা আবাসন সংকট, বেকার সাংবাদিকদের কর্মসংস্থান, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা গণমাধ্যম খাতের আর্থিক সংকট মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button