

অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি অতীতে রাজনৈতিক প্রতিপক্ষের কৌশলের শিকার হয়েছিল এবং বর্তমানে দলটি আবারও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তিনি দাবি করেন, অতীতে দলটির শীর্ষ নেতৃত্ব ও নেতাকর্মীদের ওপর বিভিন্ন সময় নির্যাতন ও রাজনৈতিক সহিংসতা ঘটেছে।
শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, অতীতের রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সঙ্গে বর্তমান রাজনৈতিক সম্পর্কের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং পিলখানা ট্র্যাজেডিসহ বিভিন্ন আলোচিত ঘটনার বিচার ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি এখনো জনমনে রয়েছে।
এনসিপি মতলব উত্তর উপজেলা কমিটির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা নেতা মাহবুবুল আলম, যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইশরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার এবং উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ অন্যান্য নেতারা।
এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এর আগে জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান অনুষ্ঠানস্থল পরিদর্শন করে নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আয়োজকদের দাবি, অনুষ্ঠানে পাঁচজন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেন



