রাজনীতি

বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না : আসিফ মাহমুদ

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি সরকার অতীতেও দেশ পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে পারেনি এবং বর্তমানেও প্রশাসন পরিচালনা ও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।

শনিবার দুপুরে কুমিল্লা নগরের একটি পার্টি সেন্টারে এনসিপির কুমিল্লা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকার তা বাস্তবায়ন করতে পারেনি। একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থাপনাতেও ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশের সংকটময় সময়ে বিএনপির পারফরম্যান্স সবসময়ই দুর্বল ছিল। বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার পরও অল্প সময়ের ব্যবধানে দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব নিত্যপণ্যের বাজারসহ সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ের ওপর পড়বে বলে মন্তব্য করেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, সাধারণ মানুষের আয় না বাড়লেও ব্যয় বাড়ছে। গ্যাসের মূল্যবৃদ্ধির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এতে জনগণের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, নির্বাচনের আগে বিভিন্ন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে ধর্ষণ, চুরি-ছিনতাই, রাহাজানি ও মব সহিংসতার মতো ঘটনাগুলো কমেনি। বরং কিছু ক্ষেত্রে পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর মব সংস্কৃতি বন্ধ করার ঘোষণা দেওয়া হলেও বাস্তবে এ ধরনের ঘটনা বেড়েছে বলে তাদের পর্যবেক্ষণ।

অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুগ্ম সদস্য সচিব নাভিদ নওরোজ শাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় শতাধিক নেতা-কর্মী এনসিপিতে যোগ দেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button