

অনলাইন নিউজ ডেস্ক
জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহত আবু সাঈদকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়ার দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’। শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের রক্তের বিনিময়ে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। তিনি বলেন, সরকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একুশে পদক ও স্বাধীনতা পদক প্রদান করলেও আবু সাঈদকে বীরশ্রেষ্ঠ উপাধি না দেওয়া দুঃখজনক। দ্রুত তাঁকে এ উপাধিতে ভূষিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী আরও বলেন, দেশে বৈধ ও অবৈধভাবে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট পুনর্বিবেচনা করা প্রয়োজন। তাঁর দাবি, দেশের অভ্যন্তরে বিদেশি গোয়েন্দা তৎপরতা নিয়ে উদ্বেগ রয়েছে এবং এ বিষয়ে সরকারের সতর্ক থাকা উচিত।
বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, একটি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিলের বিষয়টি বিবেচনা করা উচিত।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সরকারের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



