

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া সব ধরনের অনিশ্চয়তা ও সংশয় দূর হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ স্বত্বাধিকারী অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ফুটবলপ্রেমীরা এবারের বিশ্বকাপ উপভোগ করতে পারবেন।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশের মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। সম্প্রচার নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা এখন পুরোপুরি কেটে গেছে। বিটিভি ও অন্যান্য স্বত্বপ্রাপ্ত মাধ্যমের মাধ্যমে সারাদেশের দর্শক খেলা দেখতে পারবেন।
তিনি আরও জানান, ম্যাচগুলোর সময়সূচি মধ্যরাত ও ভোরে হওয়ায় দর্শকদের সুবিধার্থে ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দা, ডিজিটাল বিলবোর্ড ও মনিটরের মাধ্যমে খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
সম্প্রচার স্বত্ব ক্রয়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে যেখানে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়েছিল, সেখানে বর্তমান সরকার স্বচ্ছ প্রক্রিয়ায় মাত্র ৪৭ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে। বিজ্ঞাপন স্বত্ব বিক্রির মাধ্যমে এই অর্থের বড় অংশ উঠে আসবে, ফলে সরকারি অর্থও সাশ্রয় হবে।
তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই বিশ্বকাপ সম্প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের সব ফুটবলপ্রেমীকে এই আয়োজনের অংশীদার করতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি



