

অনলাইন নিউজ ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া গ্রামে এক বিএনপি নেতাকে স্থানীয়রা আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের উপস্থিতিতে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয় এবং উভয় পক্ষের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ইউনিয়ন বিএনপির নেতা সফিক সিকদার সোনালিয়া গ্রামের সাবিনা আক্তারের বাড়িতে যান। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা বাড়িটি ঘিরে ফেলেন এবং পরে তাকে আটক করেন। খবর পেয়ে এলাকায় উৎসুক জনতা ভিড় জমায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন।
স্থানীয়দের দাবি, সফিক সিকদার ও সাবিনা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘটনার পর বিষয়টি নিয়ে আলোচনা শেষে উভয় পক্ষের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, পাঁচ লাখ টাকা কাবিনে বিয়ের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়ভাবে সমঝোতার প্রক্রিয়া শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্র জানায়, সিদ্ধান্তের পর রাতেই উভয়কে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন বিষয়টি উভয় পক্ষের সম্মতিতেই নিষ্পত্তি করা হয়েছে।



