

অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর অধিকাংশ মানুষ যখন দিনের কর্মব্যস্ততা শেষে বিশ্রামে, তখন নগরবাসীর নাগরিক সেবার মান নিশ্চিত করতে গভীর রাতে মাঠে নামেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (১১ জুন) রাত ১১টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে মহাখালীর কাকলী এলাকায় চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। এরপর প্রায় এক ঘণ্টা ধরে রাজধানীর বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনার অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি নগর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মীর শাহে আলম বলেন, “পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। নগরবাসীর ভোগান্তি কমাতে সেবার মান উন্নয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি নাগরিক সেবার মান বজায় রাখতে এবং কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।



