সারাদেশ

কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে মেরে ফেলেন বাবা

অনলাইন নিউজ ডেস্ক

ফেনীর ফুলগাজী উপজেলায় দুই মাস বয়সী শিশুপুত্রকে আছড়ে হত্যার অভিযোগে মো. সুলতান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত শিশুটির নাম মোহাম্মদ জুনায়েদ।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার ভূমি অফিসসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুলতান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা।

শিশুটির মা রুনা আক্তারের অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার সময় তিনি বাসার বাইরে ছিলেন। এ সময় শিশু জুনায়েদ তার বাবার কাছে ছিল। শিশুটি কান্না করলে ক্ষিপ্ত হয়ে সুলতান তাকে মাটিতে আছড়ে মারেন।

রুনা আক্তার জানান, বাসায় ফিরে তিনি শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে মুন্সীরহাট স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button