

অনলাইন নিউজ ডেস্ক
গাজীপুর মহানগর ছাত্রদলের ৫১ নম্বর ওয়ার্ড সভাপতি রাতুল শিকদার অমির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সোমবার রাতেই রাতুল শিকদার অমির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত অডিও রেকর্ডে এক ব্যক্তির কাছে টাকা দাবি করতে এবং বিভিন্ন ধরনের হুমকি দিতে শোনা যায় রাতুল শিকদারকে। অডিওতে তিনি দাবি করেন, এর আগেও ওই ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়েছেন এবং আরও কয়েক হাজার টাকা পাঠানোর জন্য চাপ প্রয়োগ করেন।
ফোনালাপের এক পর্যায়ে তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করে বলেন, কোনো প্রভাবশালী ব্যক্তির সুপারিশ বা পরিচয় তার এলাকায় কার্যকর হবে না। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের অবস্থান জানাতে এবং সরাসরি সাক্ষাতের আহ্বানও জানান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাতুল শিকদার অমির ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে রোহানুজ্জামান শুক্কুর বলেন, “ফাঁস হওয়া অডিওটি আমরা শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।



