

অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার রাজনৈতিক সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সবচেয়ে বেশি আক্রমণের শিকার হতো বিএনপি, পাশাপাশি জামায়াতকেও ছাড় দেওয়া হতো না।
শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমানের দাবি, অতীতে আওয়ামী লীগ যে ভাষা ও বক্তব্য ব্যবহার করত, বর্তমানে বিএনপিও সেই একই ধারা অনুসরণ করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, “যে কথাগুলো বারবার বলতে বলতে আওয়ামী লীগ আজ দিল্লিতে গিয়ে পৌঁছেছে, আপনারা সেগুলো বলতে বলতে কোথায় গিয়ে দাঁড়াবেন?”
তিনি আরও বলেন, জনগণ এখন এসব রাজনৈতিক বক্তব্য গ্রহণ করে না। বিশেষ করে তরুণ প্রজন্ম এসব শুনতে চায় না। রাজনৈতিক দলগুলোর উচিত তরুণদের চিন্তা-ভাবনা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করা, অন্যথায় তারা ভুল করবে।
বাজেট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বড় বাজেট ঘোষণা করা কোনো সমস্যা নয়; মূল বিষয় হলো তার সঠিক বাস্তবায়ন। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে বাজেটের অর্থ থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে। বর্তমান সরকারকে সেই পথ পরিহার করার আহ্বান জানান তিনি।
গণতন্ত্রের মূল চেতনা সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন বলে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, যেহেতু প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে, তাই গণভোটে উত্থাপিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।



