

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে দেশে বিভিন্ন ধরনের উসকানি ও নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে তার মনে হচ্ছে।
শনিবার (২০ জুন) রাজধানীর রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: চ্যালেঞ্জ, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এবং জনগণের প্রত্যাশাও এ সরকারের প্রতি অনেক বেশি। তিনি বলেন, সরকারের রাজনৈতিক দর্শনের সঙ্গে জাতীয়তাবাদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িত। ফলে দেশের স্বার্থবিরোধী বা সার্বভৌমত্বকে দুর্বল করে এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না বলেই তিনি বিশ্বাস করেন।
তিনি আরও বলেন, সরকারকে নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে ঘিরে দেশের অভ্যন্তরে কিছু মহল অস্থিতিশীলতা বা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তার কাছে মনে হচ্ছে। যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে চাননি।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশের কারও সঙ্গে শত্রুতা নেই, আবার কোনো দেশের অধীনস্থও নয়। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরও সেই বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ বলে তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় তিনি চলতি বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের জন্য ঘোষিত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ এবং ‘ওয়ান ডিজিটাল, ওয়ান ওয়ালেট’ নীতিকে সরকারের গুরুত্বপূর্ণ ডিজিটাল রূপান্তর কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিদেশি কোনো মডেল অনুসরণ না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর একটি সমন্বিত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়েই এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার রাফায়েল কবির, উপদেষ্টা ডা. মারুফ মল্লিক ও ডা. শাহ জেড মিয়াসহ অন্যান্য অতিথিরা।



