

অনলাইন নিউজ ডেস্ক
মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালার আচরণের সমালোচনা করে তাকে ‘চিড়িয়াখানায় রাখার’ মন্তব্য করেছেন বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন, ‘এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে মানুষ টিকিট কেটে এই অদ্ভুত প্রাণীটিকে দেখতে পারে। একজন বিএনপি নেতার সঙ্গে তার আচরণ দেখে সত্যিই লজ্জা লাগছে। এমন অমার্জিত আচরণের মানুষ কীভাবে সংসদ সদস্য হলেন, সেটাই প্রশ্ন।’
তিনি আরও দাবি করেন, এর আগে হানজালা বিএনপিকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন যে, তাকে নিয়ে সমালোচনা করা হলে বিএনপি দেশে টিকে থাকতে পারবে না। এ প্রসঙ্গে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তাদের এমন অবস্থান বা বক্তব্য দেখা যায়নি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বর্তমানে কিছু মানুষের মধ্যে এমন ঔদ্ধত্য দেখা যাচ্ছে যে তারা সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে এমন আচরণ করছে, যেন তারাই ক্ষমতায় রয়েছে এবং বিএনপি বিরোধী দলে।’
রাশেদ খানের ভাষ্য, ‘হানজালাদের আচরণ দেখে মনে হচ্ছে তারাই ক্ষমতাসীন। বিএনপির দুর্ভাগ্য, তাদের এসব আচরণ সহ্য করতে হচ্ছে।’
তিনি আরও মন্তব্য করেন, দেশে রাজনৈতিক সংকট ও শূন্যতা না থাকলে সংশ্লিষ্ট বিএনপি নেতা ওই ঘটনার প্রতিক্রিয়ায় ভিন্নভাবে জবাব দিতে পারতেন।



