খেলাধুলা

পর্তুগালের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া

অনলাইন নিউজ ডেস্ক

পুরো ম্যাচজুড়ে দাপট দেখিয়েও জয়ের দেখা পেল না কলম্বিয়া। একের পর এক আক্রমণ চালিয়েও গোল করতে ব্যর্থ হয় দক্ষিণ আমেরিকার দলটি। অন্যদিকে, রক্ষণে দৃঢ়তা দেখিয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় কলম্বিয়া। আর রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে পর্তুগাল।

শেষ ৩২-এ কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। আগামী ৪ জুলাই মুখোমুখি হবে দুই দল। অন্যদিকে, ৩ জুলাই নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।

ম্যাচের পরিসংখ্যানেও ছিল কলম্বিয়ার স্পষ্ট আধিপত্য। ৫৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার পাশাপাশি প্রতিপক্ষের গোলমুখে ২৪টি শট নেয় তারা। তবে ফিনিশিংয়ের দুর্বলতা এবং কিছুটা ভাগ্যের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে একবার জালও খুঁজে পেয়েছিল কলম্বিয়া। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে গোলটি বাতিল হয়ে যায়। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলে পর্তুগাল।

পর্তুগালও পাল্টা আক্রমণের চেষ্টা করেছে, তবে তাদের আক্রমণে ধার ছিল না। ম্যাচের শেষ দিকে রাফায়েল লিয়াও গোলের দারুণ একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। পুরো ম্যাচ খেললেও ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন অনেকটাই নিষ্প্রভ। একইভাবে ব্রুনো ফের্নান্দেজ ও ভিতিনহাও নিজেদের স্বাভাবিক ছন্দে দেখা দেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button