খেলাধুলা

ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো ছোট্ট এক ভক্তের স্বপ্ন পূরণে রোনালদো

অনলাইন নিউজ ডেস্ক

বিশ্বকাপের মাঠে পর্তুগালকে শেষ ষোলোয় তোলার পর এবার মানবিক উদ্যোগের জন্যও প্রশংসিত হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো এক শিশুভক্তের স্বপ্ন পূরণ করে আবারও আলোচনায় এসেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল তারকা।

সম্প্রতি ভেনেজুয়েলায় আঘাত হানা একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। সেই দুর্যোগে লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেস একটি পা হারান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পরও আন্দ্রেসের একটি ইচ্ছা ছিল—বিশ্বকাপ স্টিকার অ্যালবামের জন্য নিজের প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অফিসিয়াল স্টিকার সংগ্রহ করা। শিশুটির সেই আকাঙ্ক্ষার কথা রোনালদোর কাছে পৌঁছালে তিনি পর্তুগালের জার্সি পরে একটি ব্যক্তিগত ভিডিওবার্তা পাঠান।

ভিডিওবার্তায় রোনালদো বলেন, ‘হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমাকে একটি বড় আলিঙ্গন পাঠাতেই এই ভিডিওটি করেছি। আমি জানি তুমি আমার বড় ভক্ত। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচে এসো। আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সাহস রেখো, বন্ধু।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাংবাদিক গ্যাবি আরোচার প্রকাশিত তথ্য অনুযায়ী, কয়েকজন দাতার সহায়তায় বহু প্রতীক্ষিত বিশ্বকাপের স্টিকারটি ইতোমধ্যে আন্দ্রেসের হাতে পৌঁছেছে। পাশাপাশি রোনালদোর স্বাক্ষর করা একটি জার্সিও উপহার হিসেবে পাচ্ছেন তিনি।

এর আগেও ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। তিনি দুর্গতদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন।

মাঠের সাফল্যের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্যও বহুবার প্রশংসিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্দ্রেসের প্রতি তার এই আন্তরিক উদ্যোগও বিশ্বজুড়ে ফুটবলভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button