

অনলাইন নিউজ ডেস্ক
শনিবার (৪ জুলাই) মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের তিন দিনব্যাপী শিক্ষাশিবিরে দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সাংগঠনিক শৃঙ্খলা, নীতি-নৈতিকতা এবং আল্লাহর কাছে জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হয়। তিনি দলের দীর্ঘ ৮৬ বছরের ইতিহাসে নেতাকর্মীদের ত্যাগ, কোরবানি ও অবদানের কথা উল্লেখ করেন।
বক্তব্যে তিনি উপমহাদেশের মুসলমানদের পরিস্থিতি, বিশেষ করে ভারত ও ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলিমদের নিরাপত্তা ও অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, জামায়াতের অন্যতম বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনসহ জামায়াত ৯০টি আসনে প্রতিনিধিত্ব করছে এবং জনগণ দুর্নীতিমুক্ত শাসনের প্রত্যাশা করেছিল। তিনি আরও বলেন, দলের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা।
স্থানীয় নির্বাচন বিষয়ে তিনি যোগ্য, সৎ, হালাল উপার্জনকারী এবং সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী হিসেবে বাছাই করার আহ্বান জানান। তিনি নারী-পুরুষের যৌথ অংশগ্রহণ, পরিবারকে শক্তিশালী করা এবং ইসলামী মূল্যবোধ অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকীর সঞ্চালনায় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের অন্যান্য নেতারা বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।



