জাতীয়

বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন নিউজ ডেস্ক

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সভায় জানানো হয় যে, অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি বেসরকারি কোম্পানি। এসব প্রতিষ্ঠানের প্রস্তাবিত শিল্পপ্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

হাসান শিপলু বলেন, পুরো বিনিয়োগ ও পুনরায় চালুর প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button