

অনলাইন নিউজ ডেস্ক
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে শুধু বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে অবহেলা ও দুর্নীতি পাওয়া যাবে, সেখানে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। দুর্নীতি প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে। স্বাস্থ্যখাতে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ঘুষ ও দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না।”
তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আধুনিকায়ন করা হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোর সেবার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য, চলতি বছর স্বাস্থ্যখাতে একটি বড় পরিবর্তনের সূচনা করতে সরকার কাজ করছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এবারের বাজেটকে ‘আদর্শের বাজেট’ উল্লেখ করে তিনি বলেন, বাজেটের প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়া। এ সময় সংসদ সদস্য খায়রুল কবির খোকন, মঞ্জুর এলাহী, আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



