

অনলাইন নিউজ ডেস্ক
প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়িয়েছে ব্রাজিল। তবে একের পর এক নিশ্চিত সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছে না সেলেসাও। এরই মধ্যে ম্যাচের দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের ঠিক আগে মাঠে নামানো হয়েছে নেইমার জুনিয়রকে।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। শুরু থেকেই দুই দলের লড়াই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
ম্যাচের চতুর্থ মিনিটেই ব্রাজিলের জালে বল জড়িয়েছিল নরওয়ে। প্যাট্রিক বার্গ গোল করলেও সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে গোলটি বাতিল হয়। তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন ব্রাজিলিয়ান সমর্থকরা।
দশম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় ব্রাজিল। ডি-বক্সে ম্যাথিউস কুনহাকে ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে শট নেন ব্রুনো গুইমারেস। কিন্তু দুর্দান্ত ডাইভ দিয়ে বল ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড।
পেনাল্টি মিসের পরও আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে কুনহা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির দূরপাল্লার দুটি প্রচেষ্টা নরওয়ের রক্ষণভাগ রুখে দিলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর একসঙ্গে দুটি পরিবর্তন আনে নরওয়ে। আলেক্সান্ডার সরলথ ও আন্তোনি নুসার পরিবর্তে মাঠে নামেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ।
অন্যদিকে ৫৮তম মিনিটে ম্যাথিউস কুনহার জায়গায় এন্দ্রিককে নামান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। মাঠে নেমেই গোল করার দারুণ সুযোগ পান তরুণ এই ফরোয়ার্ড। ভিনিসিয়ুস জুনিয়রের চমৎকার পাস ধরে একা গোলরক্ষকের মুখোমুখি হলেও তার শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।
৬২তম মিনিটে বক্সের বাইরে থেকে রায়ানের শক্তিশালী শটও দারুণ দক্ষতায় প্রতিহত করেন নাইল্যান্ড। এক মিনিট পর আরেকটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন ব্রুনো গুইমারেস।
একের পর এক সুযোগ হাতছাড়া করায় ব্রাজিলের ওপর বাড়ছে চাপ। ম্যাচের শেষ ভাগে গোলের খোঁজে অবশেষে মাঠে নামানো হয়েছে নেইমার জুনিয়রকে। এখন তার দিকেই তাকিয়ে সেলেসাও সমর্থকরা।



