

অনলাইন নিউজ ডেস্ক
কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে দুই পক্ষের সংঘর্ষে মো. শরিফ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফ নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর একটি বাসায় ভাড়া থাকতেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে শরিফ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে মারামারির ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



