জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

অনলাইন নিউজ ডেস্ক

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া এ তথ্য জানান।

রাষ্ট্রদূত জানান, বিষয়টি তিনি ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সৌদি সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সৌদি আরব কীভাবে কার্যকর সহযোগিতা করতে পারে, সে বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ, শ্রমবাজারে প্রবেশ আরও সহজ করা এবং এ খাতে বিদ্যমান নিয়মতান্ত্রিক জটিলতা দূর করার বিষয়েও মতবিনিময় হয়।

এ ছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সৌদি রাষ্ট্রদূত।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। তারা সৌদি আরবের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে বৈঠকে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

সাক্ষাতে সৌদি প্রতিনিধিদলের পক্ষে আরও উপস্থিত ছিলেন ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনস্যুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button