জাতীয়

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বসেরা: উপদেষ্টা হুমায়ুন কবির

অনলাইন নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আহমদ বলেছেন, সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটি উন্মুক্ত ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার দাবি, দক্ষিণ-পূর্ব এশিয়া এমনকি বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশেই সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে জীবন্ত উদাহরণ বিদ্যমান। তিনি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের এ সম্প্রীতির চিত্র দেখতে দেশে আসার আহ্বান জানান।

শুক্রবার (১৭ জুলাই) ইসকন ইয়ুথ ফোরাম আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির আহমদ বলেন, অনুষ্ঠানে উপস্থিত তরুণ-তরুণীরা অন্য সব বাংলাদেশির মতোই সমান অধিকারসম্পন্ন নাগরিক। কোনো ধরনের বাধা, ভয় বা বৈষম্য ছাড়াই তারা নিজেদের পছন্দের ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য অর্জনের সুযোগ পাবে, কারণ তারাও বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণের পরপরই পবিত্র রমজান মাস শুরু হওয়া এবং মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক জ্বালানি সংকটসহ নানা চ্যালেঞ্জের মধ্যেও সরকার আগাম পরিকল্পনার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। ফলে সাধারণ মানুষকে মূল্যবৃদ্ধির অতিরিক্ত চাপ বহন করতে হয়নি এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল।

শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, মেয়েদের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষায় উৎসাহিত করতে বৃত্তি কর্মসূচি চালু রয়েছে। পাশাপাশি নারী-পুরুষ নির্বিশেষে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক ব্যাংকিং ও আর্থিক অবকাঠামো গড়ে তোলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা তোমাদের স্বপ্ন দেখা বন্ধ করো না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস, ইসকন বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ঋষিকেশ গৌরাঙ্গ দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী এবং ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ, ত্রাণ ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের সমন্বয়ক দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী। সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।

সেমিনার শেষে ‘ডিপ্লোমা ইন ভগবদ্গীতা’ কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ভক্তবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button