

অনলাইন নিউজ ডেস্ক
বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না—এমন যে ‘গুঞ্জন’ ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের ইতিহাসে বারবার রূপান্তর ও সংস্কারে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি দাবি করেন, জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন, রক্তক্ষয় ও জুলাই অভ্যুত্থানের পর জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অসংখ্য মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে গঠিত সংসদকেই দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করা উচিত। তাঁর মতে, জুলাইয়ের শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে আবেগের চেয়ে কার্যকর সংসদ এবং উন্নত রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠাই বেশি গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম। এতে আরও বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল।



