

অনলাইন নিউজ ডেস্ক
দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ দল। মূল লড়াইয়ের আগে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামে টাইগাররা। প্রথমে ব্যাট করে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে ২৬৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফলে ২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা।
দারুণ এই সেঞ্চুরির পর দিন শেষে নিজের অনুভূতি জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, শুরুতে ব্যাটিং করা বেশ চ্যালেঞ্জিং ছিল। তাই ঝুঁকি না নিয়ে পরিস্থিতি বুঝে খেলার দিকেই মনোযোগ দিয়েছিলেন।
মিরাজ বলেন, “শুরুর দিকে উইকেটে ব্যাটিং করা একটু কঠিন ছিল। আমি শুধু মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে। আমার জন্য বিষয়টা আরও কঠিন ছিল, কারণ এই কন্ডিশনে এটাই আমার প্রথম ম্যাচ। তাই প্রথমে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং বড় জুটি গড়ার দিকে মনোযোগ দিয়েছি। শুরুতে রানের কথা ভাবিনি, কীভাবে উইকেটে মানিয়ে নেওয়া যায় সেটাই ছিল লক্ষ্য। পরে সুযোগ পেয়ে রান করা সহজ হয়েছে।”
আসন্ন টেস্ট সিরিজের আগে এই সেঞ্চুরি তাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেও মনে করেন বাংলাদেশ অলরাউন্ডার। এ বিষয়ে তিনি বলেন, “সামনে আমাদের টেস্ট সিরিজ রয়েছে। তাই এই সেঞ্চুরি অবশ্যই আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি যে মানসিকতা নিয়ে ব্যাটিং করেছি, সেটি যদি ধরে রাখতে পারি, তাহলে ব্যক্তিগতভাবে যেমন উপকৃত হব, তেমনি দলের জন্যও তা ইতিবাচক হবে।”



