খেলাধুলা

নিষিদ্ধ হলেন নেইমার

অনলাইন নিউজ ডেস্ক

দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে দুর্দান্ত পারফরম্যান্সে নিজের উপস্থিতি জানান দিলেন নেইমার। সান্তোসের জার্সিতে প্রথম ম্যাচেই করেন জোড়া গোল। তবে উজ্জ্বল এই প্রত্যাবর্তনের পরই দুঃসংবাদ পেলেন ব্রাজিলিয়ান তারকা। হলুদ কার্ডের কারণে লিগের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।

ম্যাচের প্রথমার্ধে সান্তোস খুব একটা ছন্দে না থাকলেও বিরতির আগে দলকে এগিয়ে দেন নেইমার। সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ বোঝাপড়ার ফলেই আসে তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় শাপকোয়েন্স। টানা দুই গোল করে ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। এরপর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে সান্তোস।

ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতরে ক্যাবায়েরোকে ফাউল করলে শাপকোয়েন্সের ব্রুনো মাতিয়াস সান্তোসের বিরুদ্ধে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-২ সমতায় ফেরান নেইমার।

তবে ম্যাচজুড়েই রেফারির বিভিন্ন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ খেলোয়াড় ব্রুনো তুবারার সঙ্গে ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন নেইমার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।

এই হলুদ কার্ডই নেইমারের জন্য কাল হয়ে দাঁড়ায়। ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী, তিনটি হলুদ কার্ড জমলে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখায় আবারও এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন তিনি। চলতি মৌসুমে তার হলুদ কার্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। এর আগেও একই কারণে এক ম্যাচ মিস করেছিলেন এই ফরোয়ার্ড।

ফলে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের পরবর্তী ম্যাচে সাও পাওলোর বিপক্ষে মাঠে নামতে পারবেন না নেইমার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button