

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান তিনি।
ফেসবুক পোস্টের সঙ্গে হাতে লেখা একটি নোটের ছবিও প্রকাশ করেন মেসি। তিনি জানান, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের দুই দিন পর ওই বার্তাটি লিখেছিলেন।
মেসি লিখেছেন, দীর্ঘ সময় ধরে চিন্তা-ভাবনার পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিদ্ধান্তটি নিতে তার ভেতরটা কেঁদেছে এবং এখনো কাঁদছে। তবে এটিই সঠিক সময় বলে মনে করছেন তিনি।
আর্জেন্টিনার জার্সির জন্য ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের সর্বোচ্চটা দেওয়ার কথা উল্লেখ করে মেসি বলেন, শুধু সাম্প্রতিক বছরগুলোতে শিরোপা জয়ের সময় নয়, তার আগেও জাতীয় দলের হয়ে সবসময় লড়াই করেছেন তিনি। ফুটবলের মাধ্যমে দেশের মানুষকে আনন্দ দেওয়া এবং একজন আর্জেন্টাইন হিসেবে তাদের গর্বিত করাই ছিল তার লক্ষ্য।
মেসি আরও বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং একে একে অধ্যায়গুলো শেষ হয়ে যাচ্ছে। জাতীয় দলের অধ্যায়টি শেষ করা তার জন্য অত্যন্ত কষ্টের। তবে তিনি মনে করেন, সামনে অনেক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য।
গত ২০ বছরের ভালোবাসা ও সমর্থনের জন্য আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মেসি বলেন, মাঠে থেকে সমর্থকদের সম্মিলিত কণ্ঠ শোনা তিনি খুব মিস করবেন। এখন থেকে মাঠের বাইরে থেকেই জাতীয় দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাবেন।
নিজের পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান আর্জেন্টাইন অধিনায়ক। তাদের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি ও অবিস্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
সবশেষে মেসি বলেন, সতীর্থদের সঙ্গে মিলে আর্জেন্টিনার মানুষের স্বপ্ন পূরণ করতে পেরেছেন—এটাই তার সবচেয়ে বড় শান্তি ও গর্ব। আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আর্জেন্টিনা এগিয়ে চলো।’



