

অনলাইন নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জ সদর উপজেলার সার্কেল ভূমি কমিশনার কার্যালয় পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা নিয়ে অনিয়মের চিত্র পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর ম. হেলাল উদ্দিন।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে তিনি ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর সার্কেল ভূমি কমিশনার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও হাজিরা খাতা যাচাই করেন প্রতিমন্ত্রী।
হাজিরা খাতা পরিদর্শনের সময় তিনি দেখতে পান, বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর আগাম স্বাক্ষর রয়েছে। তবে স্বাক্ষর করা ওই কর্মকর্তা-কর্মচারীদের অনেকে তখন অফিসে উপস্থিত ছিলেন না। বিষয়টি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি গত এক সপ্তাহের সিসিটিভি ফুটেজ মন্ত্রণালয়ে পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। কাজে গাফিলতি কিংবা হাজিরা নিয়ে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় ভূমি অফিসের লোকবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিফাত ফৌজিয়া, সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



