জাতীয়

মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০

অনলাইন নিউজ ডেস্ক

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর পূর্বনির্ধারিত আনন্দ মিছিল বের হওয়ার কথা ছিল। এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।

একপর্যায়ে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ওসি (তদন্ত) মিল্টন দত্তও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় ওসি (তদন্ত) মিল্টন দত্ত চোখের নিচে সামান্য আঘাত পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button