জাতীয়

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন। তাই দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি বা অন্য কোনো মামলা করা যায় না।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের বাইরে কেউ তার সম্পর্কে কোনো বক্তব্য বা অভিযোগ উত্থাপন করতে পারেন, তবে সরকার সেগুলোকে আমলে নেওয়ার মতো কিছু দেখছে না।

তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুযোগ-সুবিধা প্রাপ্য, মো. সাহাবুদ্দিন তা পাবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াই আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতির সমালোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা রয়েছে। কেউ রাষ্ট্রপতির সমালোচনা বা অভিযোগ করতে পারেন, তবে সরকারের দৃষ্টিতে এসব অভিযোগে আমলে নেওয়ার মতো কোনো বিষয় নেই।

তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময়—স্বৈরাচার সরকারের শেষ পর্যায়, অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান সরকারের আমলে—তিনি সংবিধান ও বিধিবিধান অনুসরণ করে দায়িত্ব পালন করেছেন। সরকার তার সহযোগিতা পেয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

লন্ডনে চিকিৎসার সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের ফোনে কথা হয়েছে—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সংবাদমাধ্যমে দেখেছেন, তবে সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ নেই। তিনি বলেন, বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না; চাইলে যেকোনো স্থান থেকেই যোগাযোগ করা সম্ভব।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময়ের কোনো অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রক্রিয়ায় বিবেচিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button