

অনলাইন নিউজ ডেস্ক
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ে আসার পথে উপজেলার স্থানীয় পিঠাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রাবণ সরকারসহ তিন কিশোর একটি মোটরসাইকেলে করে আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে যাচ্ছিল। পিঠাবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেলের পেছনে বসা শ্রাবণ ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর প্রাণে বেঁচে যায়।
নিহত শ্রাবণ সরকার বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন বিদ্যাভূষণ পাড়ার বাসিন্দা সুন্দর সরকারের ছোট ছেলে। তিনি বানিয়াচং নতুনবাজারের একটি সেলুনে কাজ করতেন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে স্বজন ও স্থানীয়দের ভিড় জমে।
এদিকে দুর্ঘটনায় জড়িত বাসটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে।



