রাজনীতি

স্থানীয় নির্বাচনের আগে কমিটি চাইলেন বিএনপির তৃণমূল নেতারা

অনলাইন নিউজ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনের আগে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানিয়েছেন দলটির তৃণমূল নেতারা। একই সঙ্গে সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রতিটি নির্বাচনে দলীয়ভাবে একক প্রার্থী মনোনয়নের দাবি জানিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে মূল্যায়িত না হওয়া নেতাকর্মীদেরও মূল্যায়নের দাবি ওঠে সভায়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির সাংগঠনিক সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতারা এসব দাবি জানান।

সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দল যাচাই-বাছাই করে একক প্রার্থী দেবে। দল যাকে প্রার্থী মনোনয়ন দেবে, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, যেকোনো নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কর্মকাণ্ড পরিচালনা করলে তার দায় দল নেবে না এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জি কে গউছ আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্টদের সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন কাউকে দলের কর্মকাণ্ডে সুযোগ না দেওয়ার কথাও জানান তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের ভোট ও মতামতের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা এমপি বলেন, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বকে স্থানীয় নির্বাচনে সামনে আনার আহ্বান জানান তিনি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জেলার ১০৭টি ইউনিয়নে প্রার্থী বাছাইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। ইউনিয়ন থেকে উপজেলা এবং জেলা পর্যায়ে প্রার্থীদের তালিকা তৈরি করে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির বিষয়ে তিনি বলেন, ২০২২ সালের কাউন্সিলের মাধ্যমে দায়িত্ব নেওয়া বর্তমান কমিটি কেন্দ্রীয় নির্দেশনায় কার্যক্রম পরিচালনা করছে।

সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক এমপি, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button