নির্বাচনস্থানীয়

জৈন্তাপুরে নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে উঠান বৈঠক ও সহায়তা বিতরণ

হেলাল আহমদ জৈন্তাপুর  প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে জৈন্তাপুরে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় চিকনাগুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পাশাপাশি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র এবং উপকারভোগী নারীদের মাঝে বি.ডব্লিউ.বি’র চাল বিতরণ করা হয়।

চিকনাগুল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আফতাব উদ্দিনের সঞ্চালনায় এবং ৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকল ভোটারকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি গণভোটের ব্যালেটের রং, ভোট প্রদান পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। পাশাপাশি তিনি বলেন, ভোট প্রদান যেমন প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, তেমনি এ অধিকার প্রয়োগ করা নাগরিক দায়িত্বও বটে।

উঠান বৈঠকে আরও আলোচনা করা হয় নির্বাচনী আচরণবিধি সম্পর্কে এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বি.ডব্লিউ.বি ২০২৫–২০২৬ চক্রের আওতায় ১৫৫ জন উপকারভোগী নারীকে জনপ্রতি ৩০ কেজি করে মোট ৪ দশমিক ৬৫ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়। এছাড়াও ১৮৫ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই আয়োজনের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সহায়তার কার্যক্রমও বাস্তবায়িত হয় বলে সংশ্লিষ্টরা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button