রাজনীতি

না খেলেই পালিয়ে গেলেন শামীম ওসমান : মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘খেলা হবে’ ঘোষণা দিয়ে মাঠে না নেমেই শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি নারায়ণগঞ্জবাসীর জন্য আতঙ্কের নাম ছিলেন বলেই তাকে গডফাদার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাহস থাকলে এখন মাঠে এসে জনগণের মুখোমুখি হোন। জনগণই আপনাদের প্রতিহত করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, এ এলাকার একজন সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এবং তিনি নানা কৌশলে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি বলেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ বা ভূমিদস্যু থাকবে না। এলাকায় একটি আধুনিক হাসপাতাল, একটি স্কুল ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ঢাকায় যেতে না হয়।

সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের সিদ্ধিরগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন সরকার, নাসিক ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসরাফিল প্রধানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে আজহারুল ইসলাম মান্নান সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া, জালকুড়ি মধ্যপাড়া, কড়াইতলা, নাইনতারপাড়া, তালতলা ও জালকুড়ি দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে নারী ভোটাররা তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button