

আলী জহুর, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বহুল প্রতীক্ষিত আর্চ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এটি সিলেট বিভাগের প্রথম আর্চ সেতু হিসেবে পরিচিত। শুক্রবার (১৭ জুলাই ২৬) জগন্নাথপুর-শান্তিগঞ্জ সুনামগঞ্জ-৩ আসনের এমপি, জাতীয় সংসদ কমিটির সদস্য, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটির উদ্বোধন করেন। জানাগেছে, উদ্বোধন অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহরাব হোসেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ দিলু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক হাজী হারুন, সদস্য সচিব নাসিম হোসেন রুহেল, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, পৌর স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক নূরুল আমীন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মামুনূর রশীদ মামুন, সাংবাদিকসহ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে উপজেলার সদর এলাকার নলজুর নদীর ওপর খাদ্য গুদামসংলগ্ন স্থানে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন সেতুটি নির্মাণ করা হয়েছে। রাজধানীর হাতিরঝিলের আদলে নির্মিত এ সেতুর দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ১১ দশমিক ২৫ মিটার। ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি সেতুটির নির্মাণকাজ শুরু হয়। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে তা সম্পন্ন হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হলে দ্রুত কাজ শেষ করার দাবি জোরালো হয়। পরবর্তীতে নির্মাণকাজের গতি বাড়ানো হলে চলতি বছরের শুরুতে যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়। আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এখন সেতুটি পূর্ণাঙ্গভাবে জনসাধারণের ব্যবহারের জন্য চালু হলো। আশা করা হচ্ছে, সেতুটি চালু হওয়ায় জগন্নাথপুর পৌর শহরের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।



