রাজনীতি

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, বিএনপি শুধুমাত্র কথায় নয়, অতীতে যেমন বারংবার কাজের মাধ্যমে প্রমাণ করেছে, এবারও তাই প্রমাণ করবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর কদমতলী থানাধীন ৫৮ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

রবিন বলেন, “ফ্যামিলি কার্ডের গুরুত্ব মানুষ দ্রুতই বুঝবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে অঙ্গীকার করেছেন, ইনশাল্লাহ তা পূরণ হবে।” তিনি আরও জানান, পরিবারের প্রতিটি সদস্যের জন্য বিএনপির নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। নারীরা এই কার্ডের মাধ্যমে নিরাপত্তা পাবে এবং স্বাবলম্বী হয়ে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তিনি উল্লেখ করেন, অনেক নারী ঘর থেকে বের হন, কিন্তু প্রায়ই সঠিক নিরাপত্তা ও মূল্যায়ন পাওয়া যায় না। অর্থনৈতিক কারণে অনেক নারী নির্যাতনের শিকার হন। তাই ফ্যামিলি কার্ড কার্যকর করা হয়েছে, যাতে পরিবার অনুযায়ী সুবিধা পেয়ে নারীরা নির্যাতন থেকে মুক্ত থাকতে পারে।

পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও পরিকল্পনা রয়েছে—কৃষকদের জন্য কৃষক কার্ড, শিক্ষার্থীদের জন্য আনন্দময় পড়াশুনা, পর্যাপ্ত খেলার মাঠ, কারিগরি শিক্ষার সুযোগ বৃদ্ধি ও বেকারত্ব কমানো, দূষণমুক্ত পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, এসব পদক্ষেপ দেশের জন্য সময়োপযোগী এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের ঘটনায় রবিন নিন্দা জানিয়ে বলেন, “আমাদের নারীরা কখনো প্রয়োজন ছাড়া বাইরে যান না। তাদের পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা জঘন্যতম মানসিকতার পরিচয়। স্বাধীনতার ৫৫ বছরে দাঁড়িয়েও নারীদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। আগামী নির্বাচনে জনগণ এ প্রতিহত করবেন।”

তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ঢাকা-৪ গড়ার জন্য বিএনপির বিকল্প নেই। আমাদের এলাকায় বেড়ে চলা মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। অপরাধে জড়িতদের সতর্ক করা হলো—অচিরেই ঘরে ফিরে যান, অন্যথায় অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।”

শেষে রবিন এলাকাবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, “আমি এই মাটিতেই জন্মেছি, এই মাটিতেই বড় হয়েছি। তাই এলাকার প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করুন এবং সকলকে উদ্বুদ্ধ করুন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button