

অনলাইন নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত তিন দিন ধরে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে সর্বমিত্র চাকমার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টটি তার অ্যাডমিন প্যানেল থেকে দেওয়া হয়েছে।
পোস্টে বলা হয়, অসুস্থতার কারণে সর্বমিত্র চাকমা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময় অনেক গুরুত্বপূর্ণ ফোনকল ও বার্তা এলেও শারীরিক অবস্থার কারণে সেগুলোর জবাব দেওয়া সম্ভব হচ্ছে না।
এর আগে বুধবার (২ জুলাই) হাসপাতালে গিয়ে সর্বমিত্র চাকমার খোঁজ নেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম এবং ছাত্রপরিবহনবিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় সর্বমিত্র চাকমার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান ডাকসুর ভিপি।
তবে সর্বমিত্র চাকমা কী কারণে অসুস্থ হয়েছেন বা বর্তমানে তার শারীরিক অবস্থার বিস্তারিত সম্পর্কে ফেসবুক পোস্টে কোনো তথ্য জানানো হয়নি।



