

অনলাইন নিউজ ডেস্ক
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বছর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতা ও শেখ হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার সমালোচনা করে সোহেল তাজ বলেন, একজন মানুষের অহংকার একটি দেশ ও একটি রাজনৈতিক দলকে কীভাবে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ শেখ হাসিনা ও তাঁর পরিবার।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, গণহত্যা, গুম, হত্যা, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার এবং দেশের সম্পদ বিদেশে পাচারের মতো কর্মকাণ্ডের পর দেশে ফেরার ঘোষণা আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের আরও বিপদের মুখে ঠেলে দেওয়ার একটি ভণ্ডামি।
তাঁর ভাষ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে বিদেশে অবস্থান করেও শেখ হাসিনা এখন দেশে ফেরার কথা বলে দলের কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলছেন।
তানজিম আহমেদ সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে। তিনি ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেও একই বছরের মে মাসে পদত্যাগ করেন। পরে ২০১২ সালে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।



