

অনলাইন নিউজ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে চলমান সংঘর্ষের মধ্যেই ঢাকা সরকারি আলিয়া মাদরাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এক ব্যক্তিকে ক্রিকেট খেলার পায়ের প্যাড পরে মাদরাসার সামনে অবস্থান করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা ও ধারণের সময় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের কিছু নেতাকর্মীর হাতে লাঠি ও লোহার পাইপ ছিল। অনেকের মাথায় হেলমেটও দেখা যায়। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণে মাদরাসা শিক্ষা বোর্ডের সামনের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।



