রাজনীতি

নাতি হিসেবে দিনাজপুরবাসীর কাছে যে আবদার করলেন তারেক রহমান

আমি দিনাজপুরের নাতি। বহু বছর পর নানিবাড়ি এসেছি। এখানে এসেও কিছু খাওয়ালেন না, তাই আপনাদের একটা বিনিময় দিতে হবে—আমাকে ধানের শীষে ভোট দিতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় এই আবেদন জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বক্তৃতায় তিনি বলেন, “দিনাজপুর সারাদেশ ও বিশ্বে কৃষিপ্রধান এলাকা হিসেবে পরিচিত। এখানে বিখ্যাত লিচু উৎপাদিত হয়, যা আমরা বিশ্বময় পৌঁছে দিতে চাই। লিচু প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানির জন্য হিমাগার তৈরি করা হবে। পাশাপাশি দিনাজপুরে উৎপাদিত আমের প্রক্রিয়াজাতকরণের জন্য সংশ্লিষ্ট কোম্পানি আনা হবে। আমরা কৃষি প্রধান এই অঞ্চলকে কৃষি শিল্পের সঙ্গে সংযুক্ত করে উন্নয়নের পথ দেখাব।”

তারেক রহমান আরও বলেন, “বাংলাদেশে মুসলমান, হিন্দু, আদিবাসী, বৌদ্ধ বা খ্রিস্টান—সবার বিচার হবে যোগ্যতা ও মেধার ভিত্তিতে, ধর্ম বা পরিচয় নয়। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষের পরিচয় হবে মেধা ও যোগ্যতা দিয়ে।”

তিনি বলেন, “আজকের জনসভায় আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। কিন্তু জনগণের উপকার হবে তখনই, যখন আমরা রাজনৈতিক দল হিসেবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করব।”

শেষে তারেক রহমান যোগ করেন, “আমরা যদি পরিশ্রম করি এবং ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।”

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button