

অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার মাত্র কয়েক কার্যদিবসের মধ্যে সম্পন্ন হওয়াকে দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (৭ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ঘটনার পর ভিক্টিমের পরিবার বিচার পাওয়া নিয়ে গভীর সংশয় প্রকাশ করলেও সরকারের বিশেষ উদ্যোগ, পুলিশের দ্রুত তদন্ত এবং আদালতের কার্যক্রমে সমন্বিত পদক্ষেপের ফলে অল্প সময়ের মধ্যেই বিচার নিশ্চিত করা সম্ভব হয়েছে।
আইনমন্ত্রী জানান, গত ১৯ মে পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যার শিকার হওয়ার পর মাত্র সাত ঘণ্টার মধ্যে পুলিশ প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে। পাঁচ দিনের মাথায় ২৪ মে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয় এবং একই দিন মামলাটি ট্রাইব্যুনালে পাঠানো হয়।
তিনি বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যক্রম চালু রাখা হয়। সরকারের অনুরোধে প্রধান বিচারপতি এ বিষয়ে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেন। পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিদের জন্য সরকারি আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
ঈদের ছুটি শেষে ১ জুন অভিযোগ গঠন, ২ জুন ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং পরবর্তী দিনগুলোতে যুক্তিতর্ক শেষে ৭ জুন আদালত রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল ও তার সহযোগী স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আইনমন্ত্রী বলেন, এই রায়ের মাধ্যমে রামিসার পরিবারের বিচার ব্যবস্থার প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক অন্যান্য আলোচিত মামলার তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সরকারের বিশেষ তদারকি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।



