

অনলাইন নিউজ ডেস্ক
বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। মঙ্গলবার রাতে কানাডার ভ্যানকুভার স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে। সেখানে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারায় সুইসরা।
এই জয়ে ১৯৫৪ সালের পর আবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে শেষ ষোলোর ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসির দল।
কলম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি কোনো দল। দুই দলের গোলরক্ষকরাই ছিলেন দুর্দান্ত। বিশেষ করে সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এবং ম্যাচসেরার পুরস্কার পান।
২১ মিনিটে গুস্তাভো পুয়ের্তার বাঁকানো শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন কোবেল। পরে হামেস রদ্রিগেজের কর্নারও নিরাপদে সামাল দেন তিনি। অন্যদিকে ৩১ মিনিটে ফ্যাবিয়ান রাইডারের শট ঠেকিয়ে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাসও দলের রক্ষণ সামলে রাখেন।
দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড আক্রমণের চাপ বাড়ালেও গোল পায়নি। ৫১ মিনিটে রাইডার সানচেজের ট্যাকলের পর রাইডারের নেওয়া জোরালো শট সাইড-নেটে লাগে। কলম্বিয়ার পক্ষ থেকেও সুযোগ তৈরি হয়েছিল; ৬৩ মিনিটে লুইস সুয়ারেজ কাছ থেকে শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি।
যোগ করা সময়ে সুইজারল্যান্ডের ড্যান এনডয়ের একটি ভালো সুযোগও কাজে লাগেনি। অতিরিক্ত সময়েও দুই দল গোলের জন্য মরিয়া হয়ে খেললেও কোনো পক্ষই সফল হয়নি। ১০১ মিনিটে কলম্বিয়ার একটি নিশ্চিত গোলের সুযোগ দুর্দান্তভাবে ঠেকান কোবেল।
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে জয় নিয়ে বিশ্বকাপের শেষ আটে ওঠে সুইজারল্যান্ড।



