সারাদেশ

দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

যশোরের চৌগাছায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী হিসেবে অভিযুক্ত পলাশ হোসেন গণপিটুনিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে যশোর রোডের শলুয়া বাজার এলাকায় সলুয়া ডিগ্রি কলেজ গেটসংলগ্ন মেসার্স কামরুল স্টোরের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৪৫) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে। অপর নিহত আব্দুল আলিম পলাশ (৩৫) একই গ্রামের হজরত আলীর ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, রফিকুল ইসলাম ও পলাশের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে রফিকুল ইসলাম বাইসাইকেলে করে বাড়ি থেকে নিজের দোকানে যাচ্ছিলেন। পথে চৌগাছা থানাধীন শলুয়া কলেজের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে পলাশ ধারালো হাঁসুয়া দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে রফিকুলকে গুরুতর আহত করা হয়।

তিনি আরও জানান, আহত অবস্থায় রফিকুল ইসলাম ঘটনাস্থলে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে ঢাকায় রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় নড়াইলে তার মৃত্যু হয়। পরে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।

এদিকে রফিকুলের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন অভিযুক্ত পলাশকে ঘিরে ধরে। বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে কোতোয়ালি থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button