

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। তিনি মোরগ প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে বিএনপির এক নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পথসভায় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি এ আসন থেকেই দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
ঘোষণাকালে কাজী এনায়েত উল্লাহ বলেন, তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করছেন এবং তারেক রহমানের পক্ষে সমর্থন দিচ্ছেন। তার ভাষ্য, ঢাকা তো বটেই, পুরো দেশের মধ্যে তারেক রহমানের চেয়ে যোগ্য প্রার্থী নেই।
তিনি আরও বলেন, এখন থেকে তিনি ও তার সমর্থকেরা ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবেন।
পথসভায় এ সময় তারেক রহমান ও কাজী এনায়েত উল্লাহকে কুশল বিনিময় করতেও দেখা যায়।



