

অনলাইন নিউজ ডেস্ক
ড. মঈন খান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনশীল খাতে নারীদের অংশগ্রহণ ক্রমাগত বৃদ্ধি পেলেও তাদের অধিকার ও নেতৃত্বের সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
সোমবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এ অনুষ্ঠিত Women in Leadership and Governance Conference 2026 সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ের নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে কর্মরত প্রায় ৪০ লাখ নারী দেশের রপ্তানি আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। তবে এত বড় অবদান থাকা সত্ত্বেও নারীরা এখনও বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।
সম্মেলনটি আয়োজন করে Institute of Chartered Accountants of Bangladesh (ICAB)-এর Gender Inclusion and Leadership Committee।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদা কে. চৌধুরী এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এছাড়া নীতিনির্ধারক, করপোরেট নেতৃত্ব, উন্নয়ন সহযোগী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে নারী-পুরুষের অংশীদারিত্বভিত্তিক সহযোগিতা অপরিহার্য। কর্মক্ষেত্র, প্রশাসন ও নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও গতিশীল ও টেকসই হবে।



