জাতীয়

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

অনলাইন নিউজ ডেস্ক

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা গেছে।

মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে জুনাব আলী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও নিমসার এলাকায় কয়েকজন চালক আইন অমান্য করে চলাচল করছিলেন। এ সময় হাইওয়ে পুলিশ বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালাচ্ছে।

তবে নিমসার বাজারের কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানীর উস্কানিতে এ হামলার ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধে অভিযান চলাকালে আইন অমান্যকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ সদস্যরা স্থান ত্যাগ করেন। পরে দুর্বৃত্তরা পুলিশের গাড়ি ভাঙচুর করে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুমিন বলেন, “দায়িত্ব পালনকালে আমাদের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button